বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। ইতোমধ্যে নগরীর বড়কুঠি এলাকার প্রায় কোটি টাকা মূল্যের ওই তিন কাঠা জমিতে আবর্জনা ফেলার ভাগাড় নির্মাণের কাজ শুরু করেছে রাসিক। রাসিক দাবি করছে, জায়গাটি খাস। তাই সেখানে অস্থায়ী ভাগাড় নির্মাণ করা হচ্ছে। তবে বড়কুঠি এলাকার একটি পরিবারের দাবি, বড়কুঠি রাস্তার পাশের ২৪ কাঠা জমির মালিক মৃত আবদুস সাত্তার। রাসিক অস্থায়ী ভাগাড় নির্মাণের জায়গাটি ওই ২৪ কাঠার অংশ।
মৃত আবদুস সাত্তারের ছেলে টিপু সুলতানের দাবি, দখলকৃত জমিতে দোকান ছিল। মাস দুয়েক আগে পাশের বসতি উচ্ছেদ করতে গিয়ে সিটি করপোরেশন দোকানটি ভেঙে দেয়। প্রতিবাদ করলে ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু দুঃখ প্রকাশ করেন। কিন্তু কয়েক দিন আগে ওই একই জমিতে বাঁশ-খুঁটি ও গাছের গুড়ি দিয়ে ভাগাড় নির্মাণ শুরু করেছে রাসিক। এবার প্রতিবাদ করেও প্রতিকার পাওয়া যাচ্ছে না। এক রকম জোর করেই ভাগাড় নির্মাণ করা হচ্ছে।’
তবে রাসিকের প্যানেল মেয়র-১, সরিফুল ইসলাম বাবু বলেন, জায়গাটি খাস। এ জন্য সেখানে অস্থায়ী ভাগাড় নির্মাণ করা হচ্ছে। যারা জমি নিজেদের বলে দাবি করছেন তাদের কোনো দলিল নেই।
রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, জমি নিয়ে অভিযোগ আছে কিনা তা জানেন না। খাস জায়গা জেনেই সেখানে অস্থায়ী একটি ভাগাড় নির্মাণ করা হচ্ছে। পরে সেকেন্ডারি টান্সফার স্টেশন নির্মাণ করা হবে।
নগরকন্ঠ.কম/এআর