বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

একসাথে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : লালমনিরহাটের হাতীবান্ধায় একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন শাপলা বেগম নামে এক গৃহবধূ। তিন সন্তানের মধ্যে দুই ছেলে ও এক মেয়ে। বর্তমানে নবজাতক ও মা উভয়ে সুস্থ রয়েছেন। ওই মা ও সন্তানদের দেখতে তাদের বাড়িতে উৎসুক জনতা ভিড় করছে। খবর মা ও সন্তানদের খোঁজ নেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা সুলতানা।

শাপলা বেগম উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের দিন মজুর সাফিউল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্য গড্ডিমারী গ্রামের আবেদ আলীর ছেলে সাফিউল ইসলামের সঙ্গে ২০১৫ সালে বিয়ে হয় নিজ গড্ডিমারী গ্রামের মৃত জফির উদ্দিনের মেয়ে শাপলা বেগমের। বিয়ের পর তাদের সংসারে জন্ম নেয় একটি কন্যা সন্তান। তার নাম জান্নাতুল আক্তার শাম্মী। এরই মধ্যে আবার অন্তঃসত্ত্বা হন শাপলা। গত ২৬ ফেব্রুয়ারি প্রসবজনিত কারণে তাকে রংপুরে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করানো হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় ফুটফুটে তিন সন্তান। চিকিৎসা শেষে মঙ্গলবার (৩ মার্চ) ছাড়পত্র নিয়ে বাড়িতে চলে যান।

সাফিউল ইসলাম বলেন, ‘আমি গরীব মানুষ। তবে তিন সন্তান জন্মগ্রহণ করায় আমি খুবই খুশি। মেয়ের নাম রেখেছি সিরাতুজ জান্নাত সাথী। তবে ছেলেদের এখনো নাম রাখা হয়নি।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন বলেন, খবর পেয়ে আমরা ওই বাড়িতে গিয়ে মা ও শিশুদের দেখে এসেছি। তাদের সার্বিক সহযোগিতা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে। যাতে মা শারীরিকভাবে সুস্থ থাকেন ও ওই শিশুগুলো স্বাভাবিক ভাবে বেড়ে উঠেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com