বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শ্বশুরের কাছ থেকে দশ লাখ টাকা যৌতুক না পেয়ে কৌশলে শ্যালককে নিজ বাসায় ডেকে নিয়ে হত্যাকারী পলাতক আসামিকে নয় বছর পর সাভার থেকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা। এরআগে র্যাবের একটি দল সাভার পৌর এলাকার ওয়াপদা রোড এলাকা থেকে ছদ্মবেশে থাকা পলাতক আসামি মোঃ হাফিজুর রহমানকে (৩৫) গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান সোনারগাঁ থানার ডাঙ্গাপুর গ্রামের মৃত ডাঃ আঃ গাফফারের ছেলে। শ্যালক মাহফুজুর রহমানকে (১৯) হত্যার ঘটনায় পলাতক থেকে দীর্ঘ ৯ বছর ধরে আসল পরিচয় গোপন করে ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের বাইনা গ্রামের মোঃ মেহেদী হাসানের ছেলে মোঃ নবী হোসেন পরিচয়ে ছদ্মবেশে সাভারে বসবাস করে আসছিলো বলে জানিয়েছে র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৬ সালে সোনারগাঁ থানা এলাকার হাজী মোঃ আব্দুল্লার মেয়ে রিভা আক্তারের সঙ্গে বিয়ে হয় একই থানার ডাঙ্গাপুর গ্রামের মৃত ডাঃ আঃ গাফফারের ছেলে হাফিজুর রহমানের। বিয়ের পর ব্যবসা করার জন্য শ্বশুরের কাছে দশ লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু তার শ্বশুর সেই টাকা দিতে অপারগত প্রকাশ করায় ২০১১ সালের ২৮ এপ্রিল কৌশলে শ্যালক মাহফুজুর রহমানকে ফোন করে নিজ বাসায় ডেকে নিয়ে হত্যার করে হাফিজুর। এঘটনায় সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তার শ্বশুর হাজী মোঃ আব্দুল্লাহ। পরে ওই মামলায় তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করলে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি হয়। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র্যাব-৪ এর সদস্যরা হত্যা মামলার পলাতক আসামিকে দীর্ঘ ৯ বছর পর সাভার থেকে গ্রেপ্তার করে।
র্যাব-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান হত্যাকাণ্ডের কথা শিকার করেছে এবং গ্রেপ্তার এড়াতেই দীর্ঘদিন ধরে সে ছদ্ম নাম ও ঠিকানা ব্যবহার করেছেন। এঘটনায় গ্রেপ্তারকৃত হাফিজুর রহমানকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
নগরকন্ঠ.কম/এআর