বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গোপালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে গোলাম মওলা কাজী (২৮) নামে এক যুবককে দুই হাতের রগ কেটে ও কুপিয়ে হত্যা করেছে তার খালাতো ভাই ও সহযোগীরা। বৃহস্পতিবার দুপুরে ঘোষেরচর উত্তরপাড়া লেকপাড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মওলা কাজী ঘোষেরচর উত্তরপাড়া কলাবাগান এলাকার মৃত আব্দুল মান্নান কাজীর (মুন্নু কাজী) ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মওলা কাজীর সঙ্গে তার আপন খালাতো ভাই সাদেক খা ও আলামিনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মওলা কাজীকে বাড়ি থেকে লেক পাড়ে ডেকে নিয়ে যায় সাদেক ও আলামিন। এরপর সেখানে তারা কয়েক সহযোগী মিলে মওলা কাজীকে দুই হাতের রগ কেটে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বিরুদ্ধে মারপিট, চুরি ও মাদকদ্রব্য আইনে ১০টি মামলা রয়েছে। এছাড়া প্রতিপক্ষের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তবে কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা বলা যাচ্ছেনা। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
নগরকন্ঠ.কম/এআর