বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

নিখোঁজের ২ দিন পর কিশোরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নিখোঁজের দুইদিন পর রাজধানীর খিলগাঁওয়ের শেখেরজায়গার খালি প্লটের মাটি খুঁড়ে কিশোরের লাশ পাওয়া যায়। তার নাম আলাল সিকদার (১৪)।

পুলিশ বলছে, তাকে হত্যার পর মাটি চাপা দিয়ে রাখে হত্যাকারীরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বালি সরিয়ে তার লাশ পাওয়া যায়। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত আলাল সিকদারের বাবার নাম মানিক সিকদার। গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা থানার দুলালপুরে। আলাল ব্যাটারি চালিত রিকশা চালক ছিল। পশ্চিম নন্দিপাড়ার ত্রিমোহনি এলাকায় ভাড়া বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকত। মঙ্গলবার সকালে বাসা থেকে ব্যাটারি চালিত রিকশা নিয়ে বের হয় আলাল। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা তার খোঁজ না পেয়ে বুধবার খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। তার রিকশাটি নন্দিপাড়া থেকে উদ্ধার করা হয়েছে। তবে রিকশার ব্যাটারি পাওয়া যায়নি। সেটি খোয়া গেছে। রিকশার গ্যারেজের মালিক ও ম্যানেজারসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে খিলগাঁও থানা পুলিশ।

খিলগাঁও থানার এসআই রুহুল আমিন বলেন, শেখেরজায়াগার একটি খালি প্লটে মাটির ওপর অংশে মাথা ও মুখের কিছু অংশ বাইরে বেরিয়ে ছিল। এ অবস্থা দেখে ওই এলাকার কর্মরত শ্রমিকরা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। পরে দুপুর ১২টার দিকে মাটি খুঁড়ে কিশোরের লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে মাথায় আঘাত করে তাকে হত্যার পর লাশ মাটিতে পুঁতে রাখা হয়েছিল। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com