বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

তারেকসহ ৯ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের আদেশ ২২ মার্চ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে করা মামলা গ্রহণে আদেশের জন্য আগামী ২২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার মামলার গ্রহণের বিষয়ে আদেশের জন্য দিন ধার্য ছিল। ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল নথি পর্যালোচনা করে আদেশ দেবেন।

এর আগে ১৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে মামলাটি দায়ের করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।

তারেক ছাড়া মামলার অপর আসামিরা হলেন- জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও লন্ডনের আইন ছাত্র পরিষদের সভাপতি শাহিদুর রহমান, জামায়াত নেতা মো. আফজাল হোসেন, মো. মুজিবুর রহমান, মো. আবদুল করিম, হাফেজ মো. দিদারুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. আব্দুল হালীম, রফিকুল ইসলাম। এছাড়া মামলায় অজ্ঞাতনামা বিএনপির আরও তিনজনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৬ ডিসেম্বর মিরপুরে বাদিকে আসামিরা আটকে রেখে শর্ত দেন, ‘আমাদের মা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ নেতাকর্মীদের নামে যত মামলা করেছিস তা আগামী সাতদিনের মধ্যে প্রত্যাহার করতে হবে। তা না হলে আবার তোকে ও তোর প্রধানমন্ত্রীকে ২১ আগস্টের মতো গ্রেনেড মেরে খুন করব।’ এরপর বাদিকে জামায়াত-শিবির ও বিএনপির নেকাকর্মীরা খুন করার উদ্দেশে খুঁজতে থাকেন।

এছাড়া লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও লন্ডনের আইন ছাত্র পরিষদের সভাপতি শাহিদুর রহমান অশ্লীল ভাষায় ফেসবুকে, মেসেঞ্জারে বাদিকে হুমকিসহ প্রধানমন্ত্রীকে নিয়ে হেয়প্রতিপন্নমূলক (কটূক্তি) কথা লেখেন, যা প্রধানমন্ত্রীর এক হাজার কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, এবি সিদ্দিকী এর আগে খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতাদের নামে একাধিক মামলা করেছেন। এর মধ্যে কিছু মামলা বিচারাধীন আর কিছু তদন্তাধীন রয়েছে। বাসস

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com