বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ব্রাক্ষ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ছয়জনের বাড়ি নারায়ণগঞ্জ বন্দর উপজেলায়। তাদের বাড়িতে এখন মাতম চলছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তারা মারা যায়। এতে চারজন আহত হয়।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জের দেউলী চৌরাপাড়া এলাকার নুরুল হকের ছেলে রিফাত (১৮), একই এলাকার তাওলাদ হোসেনের ছেলে ইমন (১৭), খোরশেদ আলমের ছেলে সোহান (২২), নবীগঞ্জের দিলারবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে সাগর হোসেন (২০), একই এলাকার শাহিন (১৬) ও হারুন (৪২)।
আহতরা হলেন- নবীগঞ্জের দেউলী চৌরাপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে বিজয় (১৯), একই এলাকার আবিদ (১৯), নবীগঞ্জের কদমতলী এলাকার শাহীন আহমেদ শান্ত (৩০) ও জিসান (২৪)৷ আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
নিহত রিফাতের ভাই রিয়াদ জানান, বন্ধুরা মিলে মাইক্রোবাসে করে সিলেটে হযরত শাহ্জালাল (রহ.) মাজারের উদ্দেশে রওয়ানা হয় রাত সাড়ে ৯টার দিকে৷ রাত আড়াইটার দিকে দুর্ঘটনার খবর পান।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মাইনুল ইসলাম জানান, মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসে আগুন ধরে যায়। এতে ছয়জন ঘটনাস্থলে নিহত হন।
এই এলাকার ছয়জনের মৃত্যুর খবরে সেখানে শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা নিহতদের বাড়িতে সমবেদনা জানাতে ভিড় করছেন।
নগরকন্ঠ.কম/এআর