বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে দেশটিতে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে রাজশাহীতে বিক্ষোভ হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ-সমাবেশ হয়। সমাবেশ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবি জানানো হয়।
জুমার নামাজ শেষে নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সময় নগরীর সোনাদীঘি জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করে তৌহিদী জনতা। মিছিল শেষে সাহেববাজার জিরোপয়েন্টে তারা একত্রিত হয়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, যখন নরেন্দ্র মোদির বিরুদ্ধে তাদের দেশে আন্দোলন চলছে, সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মোদির বাংলাদেশে আগমন সব মানুষ প্রত্যাখ্যান করছে। তাই তার সফর বাতিল করতে হবে। একইসঙ্গে ভারতে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবি জানান বক্তারা।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী জেলার সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক তারিক উদ্দিন, যুব আন্দোলনের জেলা সভাপতি মুরশিদ আলম, তৌহিদী জনতার নেতা হাবিবুর রহমান, মিনহাজুর রহমান, মুফতি আবদুস সবুর প্রমুখ বক্তব্য দেন।
নগরকন্ঠ.কম/এআর