বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

মোটরসাইকেলে এসে জবির শিক্ষার্থীকে যৌন হেনস্তা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্চিত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সূত্রাপুর থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী শিক্ষার্থী। জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

মামলার এজহার থেকে জানা যায়, শুক্রবার সকালে কলতাবাজার থেকে ওই নারী শিক্ষার্থী নাটকের রিহার্সেল করার জন্য ক্যাম্পাসে যাচ্ছিলেন। যাওয়ার পথে কবি নজরুল সরকারি কলেজের পেছনে তিন রাস্তার মোড়ে দুজন মোটর সাইকেল আরোহী তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। জনসমাগমের পূর্বেই বখাটেরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পলায়ন করে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, পরবর্তীতে সূত্রাপুর থানা পুলিশের তৎপরতায় ঘটনার সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসি টিভি ফুটেজেও তাকে লাঞ্চিত করার স্পষ্ট প্রমাণ আছে।

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল জানান, আমাদের এক শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছে। এ ঘটনার সিসি টিভি ফুটেজটি আমরা সংগ্রহ করেছি। দ্রুতই দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে পুলিশ প্রশাসনের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখছি।

এ ব্যাপারে জানতে চাইলে সুত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগ আমরা পেয়েছি। এই ব্যাপারে ভুক্তোভোগী শিক্ষার্থী মামলা দায়ের করেছেন। সিসি টিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুতই দোষীদের গ্রেফতার করতে পারব বলে আশা করছি।

এদিকে, ছাত্রী লাঞ্চনার ঘটনার দ্রুত বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ। শাখা সভাপতি কেএম মুত্তাকী ও সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিন এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com