বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

নতুন গ্যাসকূপ নিয়ে কথা বলায় কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় শ্রীকাইল গ্যাসক্ষেত্রের নতুন কূপে গ্যাস পাওয়ার ঘটনায় গণমাধ্যমের সঙ্গে কথা বলায় সংশ্লিষ্ট তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার পাঠানো ওই নোটিশে ‘কেন তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে না’- তা আগামী সাত কর্মদিবসের মধ্যে দাখিলের জন্য বলা হয়েছে।

নোটিশপ্রাপ্ত তিন কর্মকর্তা হলেন, বাপেক্সের মহাব্যবস্থাপক (ভূ-তত্ত্ব) আলমগীর হোসেন, শ্রীকাইল পূর্ব-১ গ্যাসকূপ প্রকল্পের পরিচালক সৈয়দ মুহাম্মদ কবীর ও প্রকল্পের খনন কর্মকর্তা মুহাম্মদ মহসিন আলম।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশ এন্ড প্রডাকশন কোম্পানি (বাপেক্স) এর মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আবুল বশর তিনজনকে নোটিশ করেন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে অবস্থিত খননকৃত নতুন গ্যাসকূপটি কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রের অন্তর্ভুক্ত। ‘শ্রীকাইল পূর্ব-১’ নামে ওই কূপ থেকে প্রতিদিন ১২ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে। প্রসেস প্লান্টের মাধ্যমে শোধন করে এই গ্যাস জাতীয় গ্যাস ফিল্ডে সরবরাহ করা হবে। তবে এ ক্ষেত্রে কিছু সময় লাগবে।

গত মঙ্গলবার রাত থেকে কূপে গ্যাস উত্তোলন করে এর চাপ পরীক্ষা করা হচ্ছে। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com