বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

সিলেটে চাকরিমেলায় ওয়ালটনের বুথে ভিড়

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিডিজবস কারিগরি চাকরিমেলা। বাংলাদেশি ইলেকট্রনিক্স এবং প্রযুক্তিপণ্য জায়ান্ট ওয়ালটনসহ ৫০টি চাকরিদাতা প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।

রোববার (৮ মার্চ) সিলেট নগরীর আরামবাগের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে এ মেলা শুরু হয়। প্রথম দিনেই কয়েক হাজার চাকরিপ্রার্থী হাজির হন মেলায়।

চারটি পদে ১০০ জনকে চাকরি দেবে ওয়ালটন। এ কারণে ওয়ালটনের বুথে ভিড় করেছেন চাকরিপ্রার্থীরা।

ওয়ালটনের রিক্রুটমেন্ট ম্যানেজার (করপোরেট) ফয়সাল ওয়াহিদ জানান, সিলেট বিভাগের চার জেলায় সেলস অ‌্যাসোসিয়েট, ফ্রিজ ও এসি টেকনিশিয়ান, সেলস এক্সিকিউটিভ ও কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পদে ১০০ জন লোক নেয়া হবে। আজ প্রথম দিনে ৫ শতাধিক আবেদনপত্র জমা পড়েছে। বাছাইকৃতদের সোমবার সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

বিডিজবস ডটকমের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ আলী ফিরোজ বলেন, ‘বিডিজবস ডটকম চাকরিদাতা এবং চাকরিপ্রার্থীদের মধ্যেসংযোগ সৃষ্টি করতে ১৫ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে চাকরিমেলার আয়োজন করছে। সিলেটে কারিগরি প্রতিষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এ ধরনের কাজে অভিজ্ঞ চাকরিপ্রার্থীরা মেলায় তাদের পছন্দের চাকরি খুঁজে নিতে পারবেন।’

মেলায় সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আবেদনপত্র জমা দেন প্রার্থীরা। তারা বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানের নির্ধারিত বুথ ঘুরে দেখেন এবং পছন্দের প্রতিষ্ঠানে আবেদনপত্র জমা দেন। তবে সবার আকর্ষণের কেন্দ্রে ছিল ওয়ালটন।

ওয়ালটন বুথে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে ছিলেন—প্রতিষ্ঠানটির প্লাজা ও সেলস ডিপার্টমেন্টের অ‌্যাসিস্ট‌্যান্ট ডিরেক্টর সুমন রায় চৌধুরী, সোবহানীঘাট প্লাজার ব্যবস্থাপক সুজন কর্মকার ও সিলেটের গোলাপগঞ্জ প্লাজার ব্যবস্থাপক সাব্বির আহমদ।

সেলস অ‌্যাসোসিয়েট পদের জন্য আবেদন জমা দিতে আসা সানজিদা আক্তার আঁখি বলেন, ‘দেশীয় খ্যাতনামা কোম্পানি ওয়ালটন। এ কারণেই আমি এ কোম্পানিতে কাজ করতে আগ্রহী। ওয়ালটনে লোকবল নেয়া হবে জেনেই মেলায় সিভি জমা দিতে এসেছি।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com