বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

৫০৬ সিলিন্ডারসহ চুরি হওয়া ট্রাক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ব্রাহ্মণবাড়িয়া থেকে চুরি হওয়া এলপি গ্যাসের ৫০৬টি সিলিন্ডার বোঝাই ট্রাক মুন্সীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উদ্ধারকৃত ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়ায় আনা হয়।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পশ্চিম মেড্ডা পীরবাড়ি এলাকায় শক্তি এন্টারপ্রাইজের সামনে থেকে ৫০৬টি সিলিন্ডার বোঝাই ট্রাক চুরি হয়ে যায়।

শক্তি এন্টারপ্রাইজের মালিক জুবায়ের কবির খান বিষয়টি পুলিশকে জানান। শনিবার সকালে পুলিশের কাছে খবর আসে চুরি হওয়া ট্রাকটি পোস্তগোলা সেতু পার হচ্ছে। সকাল ৮টার দিকে ট্রাকটি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ফেরিঘাটে পৌঁছার পর নৌপুলিশ সেটি আটক করে। চালক মনির হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

মনির হোসেনের বাড়ি নোয়াখালী জেলায়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, শনিবার রাতে সিলিন্ডার বোঝাই ট্রাক ও চালক মনিরকে থানায় নিয়ে আসা হয়। আজ সকালে চালককে জিজ্ঞাসাবাদের জন্য ১২ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com