বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

নারীর ক্ষমতায়নের নামে দুর্বৃত্তের সৃষ্টি যেন না হয় : নাসিম

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, নারীর ক্ষমতায়নে আমরা বিশ্বাস করি। নারী-শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি চাই। কিন্তু নারীর ক্ষমতায়নের নামে নারী দুর্বৃত্তের সৃষ্টি যেন না হয়।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মুহাম্মদ আকরম খাঁ হলে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ৭ম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় মোহাম্মদ নাসিম বলেন, ‘আজ নারী দিবস, এটি একটি বড় দিন আমাদের জন্য। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়ন হয়েছে জলে-স্থলে, বিমান ও সেনাবাহিনীসহ সব জায়গায়। শেখ হাসিনা আছেন বলেই নারীরা মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে পেরেছেন।

নারী-শিশুর সুরক্ষার জন্য সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম আরো বলেন, ‘নারী ক্ষমতায়নের যুগেও যখন শুনি নারী নির্যাতন হয়েছে তখন কষ্ট লাগে, দুঃখ লাগে। শেখ হাসিনা, বঙ্গবন্ধুর বাংলাদেশে কেন একজন নারী নির্যাতিত হবেন? আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি বিচার আরো সংক্ষিপ্ত করতে হবে। দ্রুত বিচার করে এই পাশবিক নির্যাতন যারা করে তাদের দ্রুত বিচার আইনের মাধ্যমে সংক্ষিপ্ত সময়ে বিচারকার্য করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেন।’

তিনি বলেন, দেশে সকল ক্ষেত্রেই নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন হয়েছে। বাংলাদেশে এখন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী ও সংসদের স্পিকার নারী, আমি চাই একজন রাষ্ট্রপতিও নারী হোক। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, ৭ মার্চ না হলে দেশ স্বাধীন হতো না, আমরা স্বাধীনভাবে থাকতে পারতাম না। যত দিন যাবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উজ্জ্বলতর হবে। প্রয়াত আব্দুল জলিলের স্মরণ করে মোহাম্মদ নাসিম বলেন, আব্দুল জলিল দক্ষ ও কর্মঠ রাজনীতিবিদ ছিলেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও অন্যতম প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান এমপি, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি কণ্ঠশিল্পী রফিকুল আলম, চিত্রনায়িকা মৌসুমী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুন সরকার রানা, চিত্রনায়িকা রঞ্জিতা কনা, ড. আবু হেনা মোস্তফা কামাল, চিত্র পরিচালক রফিকুল ইসলাম বুলবুল, নাট্যশিল্পী আরিফা সুলতানা দীপা, এম.এ মিলন, কণ্ঠশিল্পী বৃষ্টি রাণী সরকার, কণ্ঠশিল্পী করিম খানসহ সাংস্কৃতিক অঙ্গণের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com