বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

নারী দিবসে ‘ভয়েস’র নিউজলেটার ও ওয়েব সাইট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বেসরকারি গবেষণা সংগঠন ভয়েস এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ শীর্ষক আলোচনা সভা রবিবার সংগঠনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করেন- লেখক শামসুদ্দোহা শোয়েব, কবি রহমান হেনরী, নারী উদ্যোক্তা ফাতেমা আক্তার কল্পনা, তরুণ নারী উদ্যোক্তা আফসানা জুঁই, এএলআরডি’র সমন্বয়ক মাসুদ খান, উদ্যোক্তা মজিবুর রহমান শ্যামল, দর্পণ-এর নির্বাহী পরিচালক মাহবুব মোর্শেদ, টিএসপি’র নির্বাহী পরিচালক শফিউর রহমান, ভয়েসের আফতাব খান শাওন প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, নারীর বিরুদ্ধে সহিংসতা মোকাবেলা এবং সমাজে নারীদের সমান অধিকার বাস্তবায়নে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন এবং পরিবার থেকে নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালন করা দরকার। আইনের শাসন প্রতিষ্ঠাসহ সকল সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করা না হলে নারীর অধিকার বাস্তবায়ন সম্ভব নয়।

বক্তারা উল্লেখ্য করেন, অতীতের তুলনায় বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বাড়লেও বৈষম্যও বেড়েছে। নারী নির্যাতন, ধর্ষণ, বঞ্চনা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে, যা উদ্বেগজনক।

ভয়েসের নির্বাহী পরিচালক আহমদ স্বপন মাহমুদ বলেন, দেশের নারী সমাজ এখনো নানা ধরনের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় নির্যাতন ও বঞ্চনার শিকার। যৌতুক প্রথা, বাল্যবিবাহ, ধর্মীয় কুসংস্কার, পারিবারিক জীবনে আধিপত্যাবাদী পুরুষতান্ত্রিক মনোভাবের কারণ একটি নারীবান্ধব সমাজ প্রতিষ্ঠায় বড় বাধা।

ভয়েসের গবেষণা ও নিরীক্ষণ সহযোগী আবতাব খান শাওন বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা অনেক বৃদ্ধি পেয়েছে যা উদ্বেগজনক। দেশের অনলাইন ব্যবহারকারী ৭০ শতাংশ নারীই কোনো না কোনো ধরনের হয়রানির শিকার বলে এক পরিসংখ্যানে জানা যায়। শুধু দেশই নয়, বিশ্বজুড়ে অনলাইনে নারী হয়রানির এমন ঘটনা ক্রমেই বাড়ছে।

নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা তৈরি করাসহ নির্যাতিত নারী ও শিশুদের হয়রানি ও আর্থিক সহযোগিতা করাসহ আইনের শাসন বাস্তবায়ন করা প্রয়োজন বলে উল্লেখ করেন বক্তারা। অনুষ্ঠানে ‘একচেঞ্জ; নামে একটি নিউজলেটারের মোড়ক উন্মোচন করা হয় এবং ‘রেসিস্টভায়োলেন্স ডট নেট’ নামে একটি ওয়েবসাইট-এর উদ্বোধন করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com