বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বাংলাদেশে প্রথমবারের মতো নভেল করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন ইতালির দুইটি শহর থেকে সম্প্রতি দেশে ফিরেছেন।
ঢাকা শাহাজালাল আন্তজার্তিক বিমানবন্দরে থার্মাল স্ক্যানারে ইতালি থেকে আসা ওই দুইজনের শরীরে করোনা ভাইরাস ধরা না পড়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছে। তারা শাহাজালাল আন্তজার্তিক বিমানবন্দরে বিদেশি ও বিদেশ ফেরত ব্যক্তিদের যথাযত পরীক্ষা করা হচ্ছে না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছে।
প্রথম দিকে বলা হয়েছিল- ১৪ দিনেই প্রকাশ পায় করোনা ভাইরাসের লক্ষণ। তবে ভিন্ন তথ্য দিয়েছে চীনের হুবেই প্রদেশের স্থানীয় সরকার। তাদের পক্ষ থেকে এখন বলা হচ্ছে, ১৪ দিন নয় ২৭ দিন পর্যন্ত মানব শরীরে সুপ্ত থাকতে পারে করোনা ভাইরাস। আর এমনটি হলে কেউ শরীরে করোনা ভাইরাসের জীবানু বহন করলে থার্মাল স্ক্যানারে ধরা পড়বে না। শুধু করোনা আক্রান্ত হলেই থার্মাল স্ক্যানারে ধরা পড়বে। তাই শাহাজালাল আন্তজার্তিক বিমানবন্দরের থার্মাল স্ক্যানারে ইতালি ফেরত ওই দুইজনের শরীরে করোনা ভাইরাসের জীবানু ধরা পড়েনি।
সম্প্রতি হুবেই প্রদেশের স্থানীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, জিয়াং নামের এক ব্যক্তির শরীরে ২৭ দিন পর্যন্ত করোনা ভাইরাস সুপ্ত ছিল। গত ২৪ জানুয়ারি হুবেই প্রদেশের শেননংজিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত বোনের সঙ্গে দেখা করতে যান জিয়াং। ওই ঘটনার ২১ দিন পর জ্বরে আক্রান্ত হন জিয়াং।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কোভিড-১৯ নামক করোনা ভাইরাসে প্রতিনিয়ত নতুন করে আক্রান্ত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এরই মধ্যে করোনা ভাইরাসে ১০১টি দেশে আক্রান্তের খবর জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংখ্যা (ডব্লিউএইচও)। তবে রবিবার বিকালে বাংলাদেশেও তিনজন করোনা আক্রান্তের বিষয় নিশ্চিত হওয়ার পর আক্রান্ত দেশের সংখ্যা দাঁড়িয়েছে ১০২। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।
নগরকন্ঠ.কম/এআর