বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য ডা. ক্ষিতিশ চন্দ্র মন্ডল মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। সোমবার (৯ মার্চ) সকাল ৯ টায় পিরোজপুর শহরের শিকারপুরস্থ নিজ বাসভবনে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী নারীনেত্রী মনিকা মন্ডল, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সোমবার রাষ্ট্রীয় মর্যাদা জ্ঞাপন শেষে বিকালে তার মরদেহ সৎকার করা হবে।
ডা. ক্ষিতিশ চন্দ্র মন্ডল ১৯৭০ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে পিরোজপুর মহকুমার নাজিরপুর-বানারীপাড়া (একাংশ) এলাকা থেকে সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে পিরোজপুর মহকুমা সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য হয়ে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। ভারতে শরণার্থী ক্যাম্পে চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত করেন। দেশ স্বাধীন হওয়ার পরে তিনি গণপরিষদের সদস্য ছিলেন। পরে ১৯৭২ সালে তিনি পিরোজপুর মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন।
১৯৭৩ সালে বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর মহকুমার নাজিরপুর-বানারীপাড়া (একাংশ) এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর বঙ্গবন্ধু গঠিত মন্ত্রিসভায় তাকে প্রতিমন্ত্রী নিয়োগ করা হয়। প্রথমে তিনি কৃষি ও খাদ্য এবং পরে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।
আরো পড়ুন: তথ্যপ্রযুক্তির মাধ্যমে ধানমন্ডিসহ দেশের উন্নয়নের আশ্বাস শফিউলের
১৯৭৫ সালের ১৫ আগস্টের পরে তিনি মোস্তাক মন্ত্রিসভারও সদস্য ছিলেন। জিয়াউর রহমানের শাসনকালে তিনি আলজেরিয়ায় প্রবাসী হয়ে সেখানে চিকিৎসারত ছিলেন। এরপর ৮০ দশকে তিনি দেশে ফিরে আসেন এবং ১৯৯৩ সালের জেলা আওয়ামী লীগের সভাপতি হন। ১৯৯৫ সালের নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।
ডা. ক্ষিতিশ চন্দ্র মন্ডলের মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, সংরক্ষিত আসনের এমপি শেখ এ্যানী রহমান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দি মহারাজ, পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা চেয়ারম্যান মো. মজিবর রহমান খালেক, পিরোজপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী ও সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।
নগরকন্ঠ.কম/এআর