বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

গাছচাপায় প্রাণ গেল ৫ জনের

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকার ধামরাই উপজেলায় গাছের চাপায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ জন। সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার বালিয়া ইউনিয়নের চৌরাস্তা-মাদারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ধামরাইয়ে বয়স্কভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধীভাতা সংগ্রহ করতে হ্যালোবাইকে করে যাচ্ছিলেন তারা। এসময় হ্যালোবাইকের ওপর গাছ পড়লে তারা নিহত হন।

নিহতদের মধ্যে তিন জন নারী ও দুই জন পুরুষ রয়েছেন। নিহতরা হলেন- উপজেলার বাইচাইল গ্রামের কুলসুম বেগম ও তার স্বামী নুরুমিয়া, তেলি গ্রামের মাজেদা বেগম ও আয়শা বেগম ও কামার পাড়ার সামছুল হক। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কোন নিরাপত্তা বেষ্টনী বা ব্যবস্থা না করেই দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) আঞ্চলিক মহাসড়কের দু’পাশের গাছ কেটে আসছিল ঠিকাদারের লোকজন। সোমবারও গাছ কাটার সময় রাস্তার পাশে কোন নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা না থাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঠিকাদারসহ গাছ কাটা শ্রমিকরা পালিয়ে যায়।

খবর পেয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক, ওসি দীপক চন্দ্র সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। সামিউলক বলেন, ‘তদন্ত করে আইগত ব্যবস্থা নেওয়া হবে।’

পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে ওসি বলেন, ‘ঠিকাদার ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com