বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

গোপনে ২০ টন সরকারি বই বিক্রি, ট্রাকসহ বই জব্দ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঝালকাঠির রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিক্রি করা মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শ্রেণির ২০১৬ থেকে ২০১৯ সালের সরকারি ২০ টন বইয়ের ট্রাকসহ আটক করেছে উপজেলা প্রশাসন।

সোমবার সকালে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ থেকে সংরক্ষিত এই বই ট্রাকে ভরে নিয়ে যাওয়ার প্রস্তুতিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বইভর্তি ট্রাকটি (ঢাকা মেট্টো-ট-১৬-৯২২২) জব্দ করেন।

সরকারি বই ক্রেতা স্থানীয় ব্যবসায়ী আব্দুল জলিল জানায়, ২০ টন বই ১৩ টাকা ৭৫ পয়সা কেজি দরে তার কাছে বিক্রি করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার তালুকদার। তিনি সৈয়দপুরের এক ব্যবসায়ীর কাছে এ বই পাঠানোর জন্য ট্রাকে লোড করছিলেন।

এ ব্যাপারে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করেছেন।

অভিযুক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার তালুকদার দাবি করেন, নতুন বই রাখার স্থান না থাকায় ২০১৮ সালের পুরাতন বই ও ২০১৯ সালের নতুন বই একই স্থানে রাখা হয়। কিছু নতুন বই পুরাতন বইয়ের সঙ্গে মিশে যেতে পারে। এ জন্যই বিক্রি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার জানান, নিয়ম অনুসরণ করে স্টোরে থাকা ২০১৮ সাল পর্যন্ত পুরাতন বই বিক্রির সিদ্ধান্ত থাকলেও ২০১৯ সালের বই বিক্রির কোন অনুমতি নেই।

তিনি আরো জানান, কমিটির সদস্যদের সাথে আলাপ আলোচনা ও বিধিমালা অনুসরণ না করে শিক্ষা কর্মকর্তা গোপনে নতুন এসব বই বিক্রি করেছেন। এ ঘটনায় রাজাপুর থানায় জিডি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনকে খবর দেওয়া হয়েছে এবং দুদক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com