বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

বিরামপুরে স্ত্রীর ছবি ফেসবুকে দিয়ে কারাগারে প্রবাসী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দিনাজপুরের বিরামপুর উপজেলার চীন প্রবাসী এক যুবক সাবেক স্ত্রীর ছবি ফেসবুকে দেয়ায় সাবেক শ্বশুরের মামলায় পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে।

রোববার তাকে গ্রেফতারের পর সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মামলা সূত্রে প্রকাশ, বিরামপুর প্রফেসরপাড়া মহল্লার মামুনুর রশিদের পুত্র আবদুল্লাহ আল হাসানের (২৬) সঙ্গে প্রেমের সম্পর্কে ২০১২ সালে বিরামপুর পৌর এলাকার গড়েরপাড় মহল্লার ভাড়া বাসিন্দা এক মেয়ের বিয়ে হয়। ১ বছর পর হাসান চীনে চলে যান। সেখান থেকে বিভিন্ন সময় দেশে ফিরে হাসান স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন।

এ অবস্থায় ২০১৮ সালে স্ত্রী হাসানকে তালাক দেন। সম্প্রতি দেশে ফিরে হাসান পূর্বে ধারণকৃত বিভিন্ন অশালীন ছবি তালাকপ্রাপ্ত স্ত্রীর ফেসবুকসহ আত্মীয়-স্বজনের ম্যাসেঞ্জারে পাঠান এবং ওই সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি দেন।

এ ঘটনায় হাসানের সাবেক শ্বশুর রোববার বিরামপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রবাসী আবদুল্লাহ আল হাসানকে গ্রেফতার করে।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, সোমবার আবদুল্লাহ আল হাসানকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com