বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, শিক্ষকের হাত বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : শিক্ষা সফরের বাস সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। আর এতে বিচ্ছিন্ন হয়ে যায় শিক্ষকের হাত। এছাড়া ওই বাসে থাকা অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার বেলা ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের পাথালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

হাত বিচ্ছিন্ন হওয়া ওই শিক্ষকের নাম সৈয়দ ফাহিমা বেগম (৫০)। তিনি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা পাঠানো হয়েছে।

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র আহত ফাহাদ আরফিন অন্তত জানান, বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী উপলক্ষে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় শিক্ষা সফর ও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে ৬টি মিনিবাস ও মাইক্রোতে করে ১২৫ জন শিক্ষার্থী, শিক্ষক, স্কুলের কর্মকর্তা ও কর্মচারী ঢাকার কাকরাইল থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। তাদের বাসে শিক্ষক ফাহমিদাসহ ৩১ জন শিক্ষার্থী ছিলো।

বাসটি পাথালিয়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী গাড়িকে সাইড দিতে গিয়ে সড়কের মাঝে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খায়। এতে তাদের শিক্ষক ফাহিমা বেগমের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

এছাড়া শিক্ষার্থী আব্দুল রহমান, আবু নাফিম চৌধুরী, শয়ন সহ ১৫ জন আহত হয়েছে বলে ওই শিক্ষার্থী জানান।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক জানান, ওই শিক্ষিকাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হেলিকপ্টারে করে ঢাকা পাঠানো হয়েছে। আহত ৯ শিক্ষার্থী এখানে ভর্তি রয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, শিক্ষা সফরের বাস সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছনের দিকে ধাক্কা দিলে শিক্ষকসহ ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com