বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

বাবার মৃত্যুর শোকে ছেলের মৃত্যু, আরেক ছেলে হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার গাড়াজান গ্রামে বাবা শাহা আলী (৭০) মারা যাওয়ার ৬ ঘণ্টা পর ছোট ছেলে আব্দুল মালেক (৩৫) মারা গেছেন। বাবা ও ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ছেলে আব্দুল বারেক (৪৫) অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেশী হাফিজুল ইসলাম স্বপন জানান, সোমবার (৯ মার্চ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহা আলী মারা যান। মরহুমের দাফন শেষ হয় বাদ মাগরিব। এর ২ ঘণ্টা পর শাহা আলীর ছোট ছেলে আব্দুল মালেক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টায় মারা যায় সে। বাবা ও ছোট ভাইয়ের মৃত্যুর শোকে মঙ্গলবার (১০ মার্চ) ভোর রাতে বড় ছেলে আব্দুল বারেক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানে ভর্তি আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ বলেন, ‘আমরা খোঁজ-খবর নিয়ে আমরা জানতে পেরেছি বাবা স্বাভাবিকভাবে মারা গেছেন। ছোট ছেলে হয়তবা স্ট্রোক করে মারা যেতে পারে। আর সেই শোকে বড় ছেলে স্ট্রোক করেছে।’

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক বলেন, ‘বিষয়টি খুবই মর্মান্তিক। আমরা ঐ পরিবারের প্রতি বিশেষ নজর রেখেছি।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com