বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

এসিড নিক্ষেপের ভয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি এন.আই.খান রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে এসিড দিয়ে ঝলসে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে ওই স্কুলছাত্রী।

এর আগে গত শনিবার (৭মার্চ) বিদ্যালয়ে যাওয়ার সময় ওই ছাত্রীকে সর্বশেষ দলবেঁধে হুমকি দেয় কিশোর গ্যাংয়ের প্রধান সৈকত, বেলাল ও রুবেল ওরফে কালা রুবেল। সেদিনের পর থেকেই বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয় ওই ছাত্রী। এ ঘটনায় আতঙ্কে বিরাজ করছে ঐ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।

এদিকে আজ মঙ্গলবার (১০মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদ আহম্মেদের নেতৃত্বে একটি দল। বিদ্যালয়ে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের জবানবন্দিতে প্রাথমিকভাবে ওই গ্যাংয়ের বিরুদ্ধে নানা অভিযোগের সত্যতা পাওয়ায় এ বিষয়টি কঠোরভাবে দেখবেন বলে জানান তদন্ত ওসি মো. সাইদ আমম্মেদ। এসময় সেখানে গিয়ে ৬ষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থীকে না পেয়ে তার বাড়িতে যান পুলিশ এই কর্মকর্তা।

সরেজমিনে গিয়ে নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, কিশোর গ্যাং সৈকতের অনুসারী বেলাল, সাকিব, আসাদ, আমিনুল, রাজু, রুবেল, তুহিন ওরফে রনি, ইব্রাহিমসহ তাদের অনুসারীদের কারণে তারা স্কুলে আসতে ভয় পায়। প্রতিদিনই বিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করে সুন্দরী মেয়ে দেখলেই প্রেমের প্রস্তাব দেয়। এতে সাড়া না দিলে ইভটিজিং করে এবং অশালীন কথাবার্তা বলে। এর আগে কয়েকজন ছাত্রীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় কাইফি ও ইমন নামে দুই ছাত্রকে মারধর করে এবং হাত কেটে ফেলারও হুমকি দেয়। এ কারণে আমরা সকল শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় আছি।

প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল জানান, কয়েকদিন আগে বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে ইভটিজিং করে সৈকত, রুবেল ওরফে কালা রুবেলসহ একাধিক বখাটে। বখাটেরা স্থানীয় হওয়ার কারণে গোলাপ ফুল দিয়ে বখাটেদের বুঝাতে চেষ্টা করি। তাতেও কোন কাজ হয়নি। ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর কিছুক্ষণ পরেই ওরা আবারো আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করে। গত শনিবার এক ছাত্রীকে এসিড নিক্ষেপের হুমকি দেয়। যার কারণে ওই ছাত্রী স্কুলে আসা বন্ধ করে দিয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com