বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

‘তুহিন হত্যা’ মামলায় চাচাতো ভাইকে ৮ বছরের আটকাদেশ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিন মিয়া হত্যার আলোচিত ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই শিশু শাহরিয়ার আহমদকে ৮ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বেলা ১১টায় সুনামগঞ্জ শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন অভিযুক্ত শিশুর বিরুদ্ধে এই রায় দেন। এর আগে এই মামলায় আদালতে ২৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

এ ঘটনায় মূল আসামিদের বিচারের রায় আগামী ১৬ মার্চ ধার্য করা হয়েছে। ঘটনায় জড়িত বাবা ও তিন চাচা কারাগারে আছেন।

২০১৯ সালের ১৩ অক্টোবর দিরাই উপজেলার কেজাউড়া গ্রামের বসতঘর থেকে গভীর রাতে ঘুম থেকে তুলে নিয়ে গলাকেটে শিশু তুহিনকে হত্যা করে তার লিঙ্গ, দুই কান কেটে পেটে দুটি ছুরি বিদ্ধ করে গাছে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এ ঘটনায় তুহিনের মা মনিরা বেগম বাদী হয়ে পরের দিন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দিরাই থানায় মামলা করেন।

এই মামলায় পুলিশ তুহিনের বাবা আব্দুল বাছির (৪০), চাচা নাসির উদ্দিন (৩৫), আবদুল মছব্বির (৪৫) ও জমসেদ আলী (৬০) এবং ১৭ বছর বয়সী চাচাতো ভাই শাহরিয়ারকে গ্রেফতার করে।

আদালত সূত্রে জানা যায়, পুলিশ তুহিন হত্যা মামলায় গত ৩০ ডিসেম্বর উল্লিখিত পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। এরপর আদালতে অভিযোগ গঠন হয় ৭ জানুয়ারি। তুহিনের ১৭ বছর বয়সী চাচাতো ভাইয়ের বিচারকার্য সম্পন্ন হয়েছে শিশু আদালতে। অন্যদের বিচার হচ্ছে জেলা দায়রা জজ আদালতে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন আদালতের পিপি নান্টু রায় বলেন, দ্রুত সময়ে মধ্যে আলোচিত তুহিন হত্যার একজনের রায় প্রদান করা হয়েছে। যেহেতু আসামির বয়স ১৮ বছরের কম তাই আদালত তাকে ৮ বছরের আটকাদেশ দেন। বাকি আসামিদের রায় ১৬ মার্চ জেলা ও দায়রা জজ আদালতে প্রদান করা হবে।

তিনি বলেন, এ মামলায় অন্য আসামি বাবা ও তিন চাচার বিচারের রায় আগামী ১৬ মার্চ জেলা দায়রা জজ আদালতে হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com