বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহীতে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজনদের স্থানীয় তিনটি স্টেডিয়ামে কোয়ারেন্টাইন করা হবে। এছাড়া করোনা ভাইরাসে নিশ্চিত আক্রান্ত হওয়া রোগীদের (ইনফেকশন ডিজিস) নগরীর আইডি হাসপাতালে চিকিৎসা প্রদান করা হবে। বৃহস্পতিবার পর্যন্ত রাজশাহী বিভাগে কোনো রোগী না পাওয়া গেলেও, পূর্ব প্রস্তুতি হিসেবে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন- রাজশাহীর জেলা প্রশাসক, সিভিল সার্জন, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হককে সভাপতি ও সিভিল সার্জন ডা. এনামুল হককে সদস্য সচিব করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া উপজেলা পর্যায়ে ইউএনওদের সমন্বয়ে পৃথক কমিটি করা হয়েছে।
ডা. আচার্য জানান, কোয়ারেন্টাইন করার স্টেডিয়াম তিনটি হলো- সপুরায় অবস্থিত জেলা মুক্তিযোদ্ধা স্টেডিয়াম, তেরোখাদিয়ায় অবস্থিত শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়াম এবং মহিলা ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়াম। স্টেডিয়ামগুলোকে কোয়ারেন্টাইন সেন্টার করার কারণ প্রসঙ্গে তিনি বলেন, চিকিৎসা কেন্দ্রে কোয়ারেন্টাইন সেন্টার হলে অহেতুক রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হতে পারে। এছাড়া যদি রোগী পাওয়া যায় তবে তাদের পৃথকভাবে যত্ন নেওয়া যাবে। তাই এই ব্যবস্থা।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আইডি হাসপাতালের ৩০টি বেড সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। রামেক হাসপাতালের আউটডোরে ক্যাম্প স্থাপন করা হয়েছে। যারা সর্দি-কাশি-জ্বর নিয়ে আসবে, তাদের আলাদা পরিচর্যা করা হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পৃথক টিম গঠিত হয়েছে। প্রয়োজনীয় গাউন ও মাস্ক রয়েছে। আরও সরবরাহের করতে বলা হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর