বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বাগেরহাটের মোংলা বন্দর শিল্প এলাকা থেকে নারী শিশুসহ ১২ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বন্দরের দিগরাজ থেকে বুধবার দিবাগত রাতে পুলিশ তাদের আটক করে। এদের মধ্যে রয়েছেন দুইজন নারী, একজন পুরুষ ও বিভিন্ন বয়সের নয়জন শিশু। পুলিশ জানিয়েছে, আটকদের বাগেরহাট জেলা প্রশাসনের মাধ্যমেই রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।
আটকরা হলো- মো. জাবেদ (৩২), নুর বেগম (৩০), ফাতেমা (৩৩), রেশমী (১২), ইয়াছিন (৮), কাল্লে (৬), ইয়াছমিন (২), সৌমিন (১৩), ইয়াছমিন (১১), রশিদ (৮), শফিক (৪), রোকসানা (৩)। এর মধ্যে রয়েছে মো. জাবেদ ও নুর বেগমের চার শিশু সন্তান। আরও আছে জাবেদের বোন ফাতেমার পাঁচ ছেলে-মেয়ে।
মোংলা থানার ডিউটি অফিসার এস.আই মো. মিজানুর রহমান জানান, বুধবার দিবাগত রাতে তারা দিগরাজ বাজার মসজিদ এলাকায় ভিক্ষা করছিল। এ সময় তাদের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
মো. জাবেদ মায়ানমারের বাসিন্দা দাবি করে বলেন, গত পরশু তারা ভারতের কোলকাতা হয়ে বাংলাদেশে ঢুকেছেন। শুনেছেন রোহিঙ্গা ক্যাম্পে মোংলা থেকে নদী পথে যেতে সুবিধা, তাই তারা মোংলায় এসেছেন। এখন তারা রোহিঙ্গা ক্যাম্পে যেতে চান।
নগরকন্ঠ.কম/এআর