বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

রাস্তায় দাঁড়িয়ে থাকা নারীদের ওপর নসিমন, নিহত ২

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মানিকগঞ্জের সাটুরিয়ায় শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের চাপায় দুই নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের বেতুলীয়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। তবে নিহতের পরিবারের দাবি- এটি দুর্ঘটনা নয়, হত্যা।

নিহতরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মানরা গ্রামের ফকির চানের স্ত্রী উজালা বেগম ও সাটুরিয়া উপজেলার বেতুলীয়া গ্রামের মো.সামাদের স্ত্রী শেফালী বেগম। আহত নারীর নাম আলেক বেগম। তিনি সাটুলিয়া উপজেলার দীঘুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।

নসিমনের চালকের নাম স্বপন। তিনি নাগরপুরের গাগড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মানিকগঞ্জগামী একটি নসিমন দাঁড়িয়ে থাকা নারীদের চাপা দিলে ঘটনাস্থলে শেফালী ও উজালা নামে দুই নারী নিহত হন। স্থানীয়রা আহত আলেক বেগমকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে সাটুরিয়া ও নাগরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে শেফালী বেগমের লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল ও উজালা বেগমের লাশ টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নসিমনটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন।

এদিকে নিহতের স্বজনদের দাবি, চালক পূর্ব শত্রুতার জেরে তাদের ওপর গাড়ি চালিয়ে দিয়ে হত্যা করেছে। তার চালকের গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com