বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নড়াইলের কালিয়ায় একটি ক্লিনিকের ছাদ থেকে পড়ে স্বপ্না বেগম (২৫) নামে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। মাত্র ৬ দিনের শিশু সন্তান রেখে মায়ের ছাদ থেকে পড়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলছে নানামুখী সন্দেহ ও গুঞ্জন।
বুধবার উপজেলা চত্বরে অবস্থিত সার্জিক্যাল ক্লিনিকের ছাদ থেকে স্বপ্না বেগম পড়ে গেলে মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহত স্বপ্না বেগম উপজেলার কুলশুর গ্রামের আসাদ সরদারের মেয়ে ও খুলনা জেলার দিঘলিয়া উপজেলার মহিষদিয়া গ্রামের সোহেল শেখের স্ত্রী।
পুলিশ ও ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, স্বপ্না বেগম ৬ মার্চ কালিয়া সার্জিকাল ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন। এরপর বুধবার বিকাল ৪টার দিকে ক্লিনিকের দোতলার ছাদে শুকাতে দেয়া কাপড় আনার জন্য ছাদে যান। কিছুক্ষণের মধ্যেই রহস্যজনকভাবে তিনি ছাদ থেকে ক্লিনিকের সামনের রাস্তার ওপর পড়ে মারাত্মক আহত হন।
তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
এ প্রসঙ্গে ক্লিনিক মালিক মোতালেব হোসেন বলেন, ঘটনার সময় আমি বাইরে ছিলেন। স্বপ্না সন্তান জন্ম দেয়ার পরদিন ৭ মার্চ অজ্ঞাত কারণে স্বামী সোহাগের সঙ্গে তার কথাকাটাকাটির বিষয়ে শুনেছিলাম।
এ বিষয়ে কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে স্বপ্নার ভাই বাদী হয়ে স্বপ্নার ছাদ থেকে পড়ার কারণ উল্লেখ ছাড়াই একটি অপমৃত্যু মামলা দায়েরের পর তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর