বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আশুলিয়ার জামগড়া-তেঁতুলতলা শাখা সড়কে একটি বেপরোয়া মোটরসাইকেল চাপায় কাওছার বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে আশুলিয়ার তেঁতুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কাওছার বেগম কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার দেওভাণ্ডার গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। তিনি পরিবার নিয়ে আশুলিয়ার তেঁতুলতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, কাওছার বেগম বাসা থেকে হেঁটে একই এলাকায় মেয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় পেছন থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেলটির নিচে চাপা পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে নিকটস্থ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কৌশিক জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। মারাত্মক হেড ইনজুরির কারণেই ওই নারীর মৃত্যু হয়েছে।
আশুলিয়া থানার এসআই নুরুল হুদা জানান, লাশ উদ্ধার করে আশুলিয়া থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নগরকন্ঠ.কম/এআর