বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

ধর্ষণের পর হত্যা: নারীসহ দুইজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইলে এক নারীকে ধর্ষণের পর হত্যার মামলায় নারীসহ দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম খালেদা ইয়াসমিন আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ডিত ব্যক্তিরা হলেন, কালিহাতী উপজেলার মৃত রহিজ উদ্দিনের ছেলে নূর মোহাম্মদ ওরফে নূরু (৬৫) ও ধর্ষণ ও হত্যায় সহায়তাকারী বাসাইল উপজেলার নাজির হোসেনের স্ত্রী মোছা. নাজমা (৩২)।

ট্রাইব্যুনালের বিশেষ পিপি নাছিমুল আক্তার জানান, আশা আক্তার কালিহাতী উপজেলার ফৈলার ঘোনা গ্রামের আব্দুল আলীমের মেয়ে। তিনি টাঙ্গাইল শহরের এনায়েতপুরে তার নানার বাড়িতে বসবাস করতেন। ২০১৬ সালের ১৮ অক্টোবর আশা নানার বাড়ি থেকে নিখোঁজ হয়। ১০/১২ দিন তার খোঁজ না মেলায় বাবা আব্দুল আলীম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কালিহাতী থানায় মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্ত কর্মকর্তা কালিহাতী থানার এসআই মো. নাসির উদ্দিন অভিযুক্ত মোছা. নাজমাকে গ্রেপ্তার করেন। নাজমা আদালতে স্বীকারোক্তি দেন। তার স্বীকারোক্তিতে নূর মোহাম্মদ ওরফে নুরুকে গ্রেপ্তার করে পুলিশ।

আসামিরা জানান, আশাকে নিয়ে কালিহাতী উপজেলার ধানগড়া গ্রামের মান্দাই বিলের কাছে যায় তারা। পরে নূর মোহাম্মদ দুইবার ধর্ষণ করেন আশাকে এবং নাজমার সহায়তায় বিলের পানিতে চুবিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com