বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নড়াইলে একাধিক মাদক মামলার আসামি উজ্জ্বল রায়কে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হারমোনিয়াম মেরামতের আড়ালে মাদকের ব্যবসা করেন বলে অভিযোগ করেছেন পুলিশ কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা।
বুধবার (১১ মার্চ) রাত সোয়া ১টার দিকে নড়াইল শহরের ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উজ্জ্বলের বিরুদ্ধে নড়াইল সদর ও যশোর থানায় একাধিক মামলা আছে। এর আগে ফেনসিডিলসহ একাধিক বার গ্রেপ্তার হলেও জামিন পেয়ে আবারও মাদক ব্যবসা করার অভিযোগ আছে তার বিরুদ্ধে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন বলেছেন, উজ্জ্বল রায়ের নামে নড়াইল ও যশোরে একাধিক মাদক মামলা আছে। দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি। বুধবার গভীর রাতে নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, উজ্জ্বল রায় প্রায় দুই যুগ ধরে ফেনসিডিল বেচাকেনার সঙ্গে জড়িত। শহরের রূপগঞ্জ এলাকায় পুরাতন হারমোনিয়াম মেরামতের আড়ালে মাদক বিক্রি করতেন তিনি। তাকে একাধিক বার গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ ২০১৯ সালের ৫ আগস্ট রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উজ্জ্বল রায়ের বাড়িতে অভিযান চালান। উজ্জ্বল রায়কে বাড়িতে না পেলেও তার স্ত্রী দিপালি রায়কে ১২ বোতল ফেনসিডিল, প্রায় ১০০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের উপকরণসহ আটক করা হয়। এ সময় মাদক বিক্রির ১৮ লাখ ৭০ হাজার ৬২৯ টাকা জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। পরের দিন (৬ আগস্ট) দিপালি রায়কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয়রা অভিযোগ করছেন, নির্বিঘ্নে মাদক ব্যবসা করতে উজ্জ্বল রায় প্রায় ১০ বছর ধরে বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে ‘নড়াইল প্রতিনিধি’ হিসেবে কাজ করেন। পাশাপাশি শহরের মুচিরপোল এলাকায় হারমোনিয়াম মেরামতের দোকান চালান।
নগরকন্ঠ.কম/এআর