বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

মহম্মদপুরে হত্যার হুমকির পর খাটের নিচে মিলল যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মাগুরার মহম্মদপুর উপজেলায় হত্যার হুমকির পর খাটের নিচে মিলল মামুন মোল্যা (২২) নামে এক যুবকের লাশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার ঘুল্লিয়া গ্রামে নিজ ঘরের খাটের নিচে থেকে তার লাশ উদ্ধার করে স্বজনরা।

পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মামুনকে হত্যা করা হয়েছে বলে দাবি করছে তার পরিবার।

নিহত মামুনের পিতা আবদুল হক মোল্যা জানান, মামুন ৯ মার্চ প্রতিবেশী শাহিদুল ফকিরের মেয়েকে নিয়ে পালিয়ে যায়। পরে শাহিদুলসহ তার সঙ্গীয় ৫-৬ জন লোক আবদুল হকের কাছে ওই মেয়েকে ফেরত চায় এবং তাকে হুমকি দিতে থাকে। এর একপর্যায়ে ছেলেকে পাওয়া গেলে আবদুল হক গ্রাম্য মাতব্বরদের মাধ্যমে ওই মেয়েকে তার বাবার হাতে ফিরিয়ে দেয়।

তিনি জানান, এর পরও শাহিদুল ফকির তার ছেলে মামুনকে হত্যার হুমকি দিতে থাকে। পরে ছেলেকে বাড়ির বাইরে এক আত্মীয় বাড়ি পাঠিয়ে দেয়া হয়। বুধবার দিবাগত রাতে মামুনকে আত্মীয় বাড়ি থেকে ডেকে এনে হত্যা করে এবং টিন ভেঙে তালাবন্ধ ঘরের মধ্যে রেখে যায়।

শাহিদুল ফকিরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে তিনি জানান, এ ঘটনার বিষয়ে তারা কিছু জানেন না। এ ঘটনায় তারা জড়িত না।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com