বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা এলাকার ন্যাশনাল পার্কের সামনের মহাসড়কের পাশ থেকে উদ্ধার গলাকাটা লাশটি এক পুলিশ সদস্যের।
তার নাম শরীফ আহমেদ (৩৫)। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগে কর্মরত ছিলেন।
নিহত শরীফ আহমেদ ময়মনসিংহের ত্রিশাল থানার ঝিলকি এলাকার মো. আলাউদ্দিনের ছেলে।
জিএমপির সদর থানার এসআই লুৎফর রহমান জানান, লাশ কবর থেকে উত্তোলনের জন্য আজ বৃহস্পতিবার গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেছেন।
তিনি জানান, গত ৪ মার্চ দুপুরে গলাকাটা লাশ উদ্ধার করা হয়। পরে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলে। এক পর্যায়ে ৮ মার্চ গাজীপুর সিটি কর্পোরেশনের কবরস্থানে লাশ দাফন করা হয়।
তিনি জানান, ১১ মার্চ লাশটি শরীফ আহমেদের বলে শনাক্ত হয়। শরীফ আহমেদ ১৫ বছর পুলিশে কর্মরত ছিলেন। ছয় মাস আগে তিনি জিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগে বদলী হয়ে আসেন।
নগরকন্ঠ.কম/এআর