বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

ইউএস বাংলা ট্র্যাজেডি: ১২ শিক্ষার্থী স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ২০১৮ সালের ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিধ্বস্ত হয় ইউএস বাংলার একটি বিমান। ওই বিমানে নিহতদের মধ্যে ছিলেন সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক‌্যাল কলেজের ১২ নেপালী শিক্ষার্থী। যারা ফাইনাল পরীক্ষার পর ছুটি কাটাতে নিজ দেশে ফিরছিলেন।

এ দুর্ঘটনার দুই বছরপূর্তিতে বৃহস্পতিবার (১২ মার্চ) মোমবাতি প্রজ্জ্বলন করে নিহতদের স্মরণ করেছে মেডিক‌্যাল কলেজ কর্তৃপক্ষ। সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলনের পাশাপাশি অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধাও জানানো হয়। একই সাথে এক মিনিট নিরবতা পালন করে তাদের আত্মার শান্তি কামনা করা হয়।

নিহত ১২ নেপালী শিক্ষার্থীরা হলেন—এলজিনা বরাল, এনজিলা শ্রেষ্ঠা, আশনা সাকিয়া, চারুবরাল, মিলী মাহারজান, নেগা মাহারজান, প্রিন্সি ধামী, সঞ্জয় পউডেল, সঞ্জয় মাহাজান, সারুনা শ্রেষ্ঠা, পূর্ণিমা লোহানী এবং শিউতা থাপা। এ দুর্ঘটনায় বেঁচে যান সামিনা বেনজারখার নামের ওপর শিক্ষার্থী। তবে তিনি দুর্ঘটনার পর আর বাংলাদেশে আসেননি।

স্মরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন করে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম দাউদ। এ সময় মেডিক‌্যাল কলেজের বিভিন্ন বিভাগের প্রধান, অধ্যাপক, সহকারী অধ্যাপক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com