বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও মুরাদনগর উপজেলা যুবলীগ আহ্বায়ক খাইরুল আলম সাধন হত্যা মামলার অন্যতম আসামি ডাকাত খোকন (৪৫) কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার ছয়ঘড়িয়া এলাকায় ডিবি পুলিশ ও চান্দিনা থানা পুলিশের যৌথ অভিযানে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত ডাকাত খোকন বরগুনা সদর উপজেলার ফুলতলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত টহল পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সংঘবদ্ধ একটি ডাকাতদল মহাসড়কের চান্দিনার ছয়ঘড়িয়া এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নেয়। সেখানে মুরাদনগর উপজেলা যুবলীগ নেতা সাধন হত্যা মামলার অন্যতম পলাতক আসামি খোকন রয়েছে।
ওই সংবাদের ভিত্তিতে পুলিশকে সঙ্গে নিয়ে মহাসড়কের ছয়ঘড়িয়া এলাকায় অভিযান চালানো হয়। সশস্ত্র ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। ডিবি ও চান্দিনা থানা পুলিশের যৌথ টিম আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এসময় পুলিশ ও ডাকাতদলের মধ্যে প্রায় ২৫ রাউন্ড গুলি বিনিময় হয়।
এতে ডিবি পুলিশের কনস্টেবল মোল্লা আব্দুস সবুর ও সুমন আহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত খোকনকে আটক করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা ডিবি পুলিশের এসআই পরিমল চন্দ্র দাস জানান, ঘটনাস্থল হতে একটি দেশীয় তৈরি পাইপগান, দুই রাউন্ড তাজা কার্তুজ, পাঁচ রাউন্ড গুলির খোসা, দুটি রামদা, একটি ছুরি একটা চাপাতি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়। অত্র ঘটনায় পলাতক ডাকাতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হচ্ছে।
নগরকন্ঠ.কম/এআর