বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কেন্দুয়া উপজেলায় মাইকে প্রচার দিয়ে করোনা ভাইরাসের ওষুধ বেচতে গিয়ে আটক দুই ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে কেন্দুয়া থানা পুলিশ তাদের আদালতের মাধ্যমে নেত্রকোনা জেলহাজতে পাঠিয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চৌধার গ্রামের আশরাফুল হান্নানের ছেলে ভুয়া ডাক্তার রাশেদুল ইসলাম (৩৫) ও তার সহযোগী ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে নজরুল ইসলাম রুবেল (২৭)।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামানের বলেন, ভুয়া ডাক্তার সেজে তারা করোনা ভাইরাসের ওষুধ বিক্রির জন্য উপজেলার গন্ডা ইউনিয়নের পাহাড়পুর ঈদগা মাঠে ক্যাম্প খুলে বসেন। এর আগে তারা করোনা ভাইরাসের ওষুধ বিক্রি করা হবে বলে ওই এলাকায় মাইকে প্রচার চালায়। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুইজনকে আটক করে।
পরে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল ইসলামকে বিষয়টি অবহিত করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে ওই দুই ব্যক্তি অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন। পরে তাদের দুই বছর করে কারা দণ্ডাদেশ দেয়া হয়।
নগরকন্ঠ.কম/এআর