বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

করোনা : চসিক নির্বাচন পেছানোর পরিস্থিতি হয়নি : সিইসি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, করোনা ভাইরাসের আশঙ্কায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন বন্ধ বা পেছানোর কোন পরিস্থিতি এখনো তৈরি হয়নি। করোনা যদি জাতীয় দুর্যোগে পরিণত হয় তখন ভেবে দেখা হবে।

শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে চসিক নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলাবাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন। আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিইসি বলেন, সরকারি-বেসরকারি অফিস-আদালত ও কল-কারখানাগুলো ভোটের দিন দুপুর ১২টা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোটের দিন দূর-দূরান্ত থেকে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে পারেন না। অনেকে প্রতিবাদস্বরূপ ভোটকেন্দ্রেই আসেন না। সে কারণে ভোটের দিন সীমিত আকারে যানবাহন চালু রাখারও সিদ্ধান্ত হয়েছে। তবে যানচলাচল পুরোপুরি উন্মুক্ত হবে না।

তিনি বলেন, ইভিএমের মাধ্যমে কে কাকে ভোট দিয়েছে সেটা প্রকাশ করার নিয়ম নেই। কেন্দ্রে সাংবাদিক প্রবেশ নিয়ে সিইসি বলেন, কেন্দ্রের ভেতরে ঢুকে লাইভ নেয়া যাবে না। কিন্তু ছবি তুলতে পারবেন। কারণ আপনাদের লাইভ কাস্ট করার কারণে নির্বাচন পরিচালনা কাজের ব্যাঘাত ঘটবে।

কে এম নূরুল হুদা বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের কাছে কিছু অভিযোগ আসে। পোলিং এজেন্ট নিয়ে অভিযোগ আসে। পোলিং এজেন্ট ভোটকেন্দ্রে যেতে পারে না, এই অভিযোগগুলো আমরা বিভিন্নভাবে পর্যালোচনা করি। যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের অত্যন্ত নির্ভরশীল ব্যক্তি পোলিং এজেন্ট। তিনি প্রার্থীর প্রতিনিধিত্ব করেন, অনিয়ম প্রতিহত করেন। তাই এজেন্টদের কেন্দ্রে আসার আহ্বান জানান তিনি। বাসস
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com