বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ‘ভালোবাসার দৃশ্যকাব্য’র তৃতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হয়ে গেল গত শুক্রবার। টিএসসি কেন্দ্রিক আবৃত্তি চর্চার সংগঠন ‘প্রজন্মকণ্ঠ’র প্রযোজনায় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় তৃতীয় মঞ্চায়ন। অনুষ্ঠানের যৌথ নির্দেশনা দিয়েছেন আহমেদ ইমতিয়াজ সাব্বির ও মাছুম চৌধুরী।
প্রযোজনাটিতে ভিন্ন বাস্তবতার দুজন অচেনা মানুষ মুখোমুখি হয় একটা স্টেশনে, রাতের নির্জনতা তাদের কে দাড় করিয়ে দেয় নিজেদের মুখোমুখি, একটা সময় তারা বুঝতে পারে তাদের দুজনের জীবনের ঘটনাগুলো যতই আলাদা হোক না কেন, কোথাও একটা অসম্ভব মিল রয়েছে। জীবনের চাওয়া-পাওয়া আর না পাওয়ার রঙগুলো একই রকম ধূসর আবার রঙিন, ঠিক যেন মুদ্রার এপিঠ ওপিঠ।
তবুও মানুষ বার বার ফিরে যায় সম্পর্কের টানে, এই জীবন এই প্লাটফর্ম এর ভিড়েই তো ছুটে চলতে হয়, এগিয়ে যেতে হয় গন্তব্যহীন যাত্রায় হয়তো শূন্যতাকে ঘিরে হয়তো বা শূন্যতাকে পূর্ণ করে। আর এভাবেই এর মধ্য দিয়েই ভালোবাসার গল্পগুলো হয়ে ওঠেছে এক একটি দৃশ্যকাব্য।
প্রযোজনাটি দৃশ্যকাব্য তাই মূলত এটি আবৃত্তি প্রযোজনা হলেও এর উপস্থাপনায় রয়েছে কিছু ভিন্ন মাত্রা, যেখানে চরিত্র অনুযায়ী পোশাক, কোরিওগ্রাফি, আলোক প্রক্ষেপন, গান ও মঞ্চকে সাজানো হয়েছে বিষয়বস্তুকে মাথায় রেখেই, তবে কখনোই মুল বিষয়বস্তুকে ছাড়িয়ে যাবার জন্য নয়, বরং তাকে আরও অনেকখানি গ্রহণযোগ্য করার নিমিত্তে|
এখানে উল্লেখ্য যে প্রথম মঞ্চায়ন দর্শকদের কাছে গ্রহনযোগ্য হওয়ার নিমিত্তেই বারংবার মঞ্চায়ন করার সিদ্ধান্ত নেয় দলটির নির্বাহী পরিষদ।
নগরকন্ঠ.কম/এআর