বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা বিষয়ে নির্দেশ অমান্যকারীকে এবং কেউ তথ্য গোপন করলে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এদিকে শনিবার সকালে ইতালি থেকে দেশে ফেরত ১৪২ জনের সবাইকে রাজধানীর আশকোনা হজ্বক্যাম্পে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পরবর্তী সময়ে আক্রান্ত দেশগুলি থেকে কোনো যাত্রী দেশে এলে তাকেও বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক টেলিফোনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেন।
সকাল সাড়ে ৮টার দিকে ইতালির রোম থেকে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের নম্বরের একটি ফ্লাইটে করে এই যাত্রীরা ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে অবতরণ করেন। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
সকালে শাহজালাল বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. শাহারিয়ার সাজ্জাদ বলেন, ওই সব ব্যক্তিদের আশকোনা হজ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। সম্ভাব্য করোনা-ভাইরাস সংক্রমণ ঠেকাতে এই ব্যক্তিদের সেখানে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে। ফিরে আসা যাত্রীদের প্রত্যেকের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। সেখান তাদের জ্বরমাপাসহ শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও নাম, ঠিকানাসহ তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
নগরকন্ঠ.কম/এআর