বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আগামী ২১ মার্চ গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচনে সবাইকে নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। এখন আওয়ামী লীগ সরকার উন্নয়নের মহাসড়ক অবস্থান করছে। এই উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে নৌকার বিজয় নিয়ে ঘরে ফিরতে হবে।
শনিবার দুপুরে স্থানীয় পাবলিক লাইব্রেরি মাঠে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির সমর্থনে নির্বাচনী ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয় আরও বলেন, নির্বাচনের নামে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে ছাত্রলীগ তা কঠোরভাবে মোকাবেলা করবে। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে মুজিব বর্ষে এই সংসদীয় আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ অব্দুল্লাহ হারুন ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা-৩ আসনের নৌকা প্রতীক প্রার্থী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোন্তেজার রহমান চঞ্চল প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন।
সভা শেষে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
নগরকন্ঠ.কম/এআর