বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

কোয়ারেন্টাইনে থাকা ইতালি ফেরতদের বিক্ষোভ, ৪ জনকে ঢাকায় স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ইতালি ফেরত ৪৮ প্রবাসীকে কোয়ারেন্টাইনের জন্য গাজীপুরের পূবাইল এলাকার মেঘডুবি ২০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) রাতে ঢাকা থেকে তাদের ওই হাসপাতালে পাঠানো হয়। রবিবার (১৫ মার্চ) বিকালে তারা হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেন। এদিকে, জ্বর থাকায় ওখানে থেকে চার জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল জাকী জানান, কোয়ারেন্টাইনের জন্য ইতালি ফেরত ৪৮ জনকে ঢাকা থেকে শনিবার মধ্যরাতে এই হাসপাতালে স্থানান্তর করা হয়। এ হাসপাতালে ৭০ জনকে আইসোলেশনে রাখার ব্যবস্থা আছে। রবিবার বিকালে তারা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে কলাপসিবল গেটের তালা ভেঙে হাসপাতাল চত্বরে বের হয়ে পড়েন। এসময় তাদের অনেক বুঝিয়ে ভেতরে নেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।

ইতালি ফেরতদের তিনি আরও জানান, এ হাসপাতালে একজন মেডিক্যাল অফিসার দায়িত্ব পালন করছেন। কোয়ারেন্টাইনের জন্য নিয়ে আসা লোকদের এখানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষার পর চার জনের দেহে জ্বর থাকায় তাদের উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানিও সরবরাহ করা হচ্ছে।

গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান জানান, এখান থাকা প্রবাসীরা ধৈর্য হারিয়ে ফেলছেন। তারা দ্রুত সিদ্ধান্ত চায়। তবে সরকারি সিদ্ধান্তের বাইরে কোনও কিছু করার নেই।

গাজীপুর মেট্রোপলিটন (জিএমপির) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভুঁইয়া জানান, রবিবার বিকালে বিক্ষোভ ও ভাঙচুরের খবর পেয়ে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে তাদের বুঝিয়ে ভেতরে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এখন হাসপাতালের পরিবেশ স্বাভাবিক রয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com