বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

বাকেরগঞ্জে সমিতির তিন কোটি টাকা নিয়ে উধাও

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সাধারণ মানুষের প্রায় তিন কোটি টাকার আমানত সংগ্রহ করার পর তা ফেরত না দিয়ে গা ঢাকা দিয়েছে বাকেরগঞ্জের গ্রামীণ প্রতিভা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির কর্মকর্তারা।

ভুক্তভোগীরা সমিতির পরিচালক সঞ্জয় কুমার দেবনাথসহ পাঁচজনকে আসামি করে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পায় পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) বরিশাল।

সঠিক তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থার গ্রহণের দাবিতে সোমবার সকাল ১০টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে সরকারি বাকেরগঞ্জ কলেজের সামনে মানববন্ধন করেন গ্রাহকরা।

ভুক্তভোগী সদস্য চম্পা বেগম জানান, দোকানে দোকানে পানি টেনে ২০ টাকা করে প্রায় ২১ হাজার টাকা জমা হয়েছিল, কিন্তু হঠাৎ করে অফিস তালাবদ্ধ করে উধাও হয়ে যায় কর্মকর্তারা।

সদস্য রেহানা বেগম জানান অধিক মুনাফা পাওয়ার আশায় এককালীন দুই লাখ টাকা জমা রেখেছিলাম, কিন্তু টাকা ফেরৎ না পেয়ে এখন পথের ফকির প্রায়।

উপজেলা সমবায় কর্মকর্তার মো. রিয়াদ খান জানান, বিষয়টি আমি শুনেছি। কিন্তু অফিসিয়ালভাবে কেউ আমার কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

জেলা সমবায় অফিসের পরিদর্শক নুরে আলম জানান, কোন সদস্য আমাদের অফিসে অভিযোগ করেনি। তবে গ্রামীণ প্রতিভা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী অভিযোগ করেছে, বিষয়টি তদন্তনাধীন আছে।

এ ব্যাপারে জানতে সমিতির পরিচালক সঞ্জয়কে মুঠোফোনে পাওয়া যায়নি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com