বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

ইতালিফেরত যুবক ৩ দিন চবি ক্যাম্পাসে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কয়েক দিন পূর্বে ইতালি থেকে ফিরে এসে দস্তগীর হোসেন মাহফুজ কুমিল্লার বাড়িতে অবস্থান না করে বন্ধুদের সঙ্গে ঘুরতে চলে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

তিন দিন অবস্থান করছিলেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে করোনাভাইরাস সতর্কতায় সোমবার মাহফুজ ও তার পাঁচ বন্ধুকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যে বন্ধু ইতালিফেরত মাহফুজকে ক্যাম্পাসে নিয়ে আসেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহসানুল কবির পলাশ জানান, বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। ইতালিফেরত যুবক এবং তার সংস্পর্শে আসা পাঁচ বন্ধুকে চট্টগ্রাম সংক্রামক ব্যাধি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

যে বন্ধু ইতালিফেরত মাহফুজকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসে এবং আবাসিক হলে থাকতে দিয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তিন দিন ইতালিফেরত যুবক ক্যাম্পাসে অবস্থানের খবর জানাজানি হওয়ার পর আবাসিক হলে অবস্থানকারী শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com