শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১০:০০ অপরাহ্ন

করোনায় আক্রান্ত কি না জানাবে ফেসবুক

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাসে আক্রান্ত কিনা-তা জানাবে ফেসবুক। সামাজিক মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে কিছু প্রশ্নের সঠিক উত্তর দিলেই শনাক্ত হবে আপনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা?

এছাড়া করোনাভাইরাস সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যও জানাবে তারা। করোনা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশের প্রথম ডিজিটাল বিজ্ঞাপনী সংস্থা ও আইটি প্রতিষ্ঠান অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেড একটি ফেসবুক পেজের মাধ্যমে এ সেবা চালু করেছে। ‘Know Corona Bot’ নামের এ ফেসবুক পেজের মেসেঞ্জার ইনবক্সে গিয়ে Get Started বাটনে ক্লিক করলেই সেবাটি চালু হবে।

এরপর আপনি জানতে পারবেন করোনাভাইরাস সম্পর্কিত তথ্য এবং কিছু প্রশ্নের সঠিক উত্তর দিলে বুঝতে পারবেন আপনি এ ভাইরাসে আক্রান্ত কিনা? রোববার (২২ মার্চ) সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রযুক্তিগত উদ্ভাবনের সাহায্যে সামাজিক প্রতিবন্ধকতা দূর করতে যাত্রা শুরু করেছিল অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেড। এরই ধারাবাহিকতায় দেশের চলমান প্রতিকূল পরিস্থিতিতে করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা বাড়াতে তাদের এ প্রয়াস।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে বিভিন্ন তথ্য আদান-প্রদান। এরই মাঝে করোনাভাইরাস সম্পর্কে বেশ কিছু ভুল তথ্য ও গুজব ছড়িয়ে পড়েছে, যা অনেক ক্ষেত্রেই বিভ্রান্তির সৃষ্টি করছে।

‘Know Corona Bot’ ফেসবুক পেজটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা দ্বারা পরীক্ষিত তথ্য ও উপাত্ত সন্নিবেশন করা হয়েছে। এখানে আপনি করোনাভাইরাস সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন। সেই সঙ্গে ‘করোনা টেস্ট’-এ কিছু প্রশ্নের উত্তর দিয়ে আপনার শরীরে করোনাভাইরাস থাকার সম্ভাব্যতা যাচাই করতে পারবেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com