শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১০:০২ অপরাহ্ন

শেয়ার বিক্রি করে বাংলাদেশ ছাড়ছে জাপানি ডকোমো

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : জাপানের বৃহত্তম মোবাইল কোম্পানি এনটিটি ডকোমো বাংলাদেশে রবি আজিয়াটার পুরো অংশ ভারতী এয়ারটেল ইন্টারন্যাশনালের কাছে বিক্রি করে দেশ ছাড়তে যাচ্ছে। ইতিমধ্যে তাদের এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জহুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্তমানে রবির ৬৮ দশমিক ৭ শতাংশ শেয়ারের মালিক মালয়েশিয়ার আজিয়াটা। ভারতী এয়ারটেলের ২৫ শতাংশ ও বাকি ৬ দশমিক ৩ শতাংশের মালিক জাপানের এনটিটি ডোকোমো। এ অংশ হস্তান্তর হলে এয়ারটেল ৩১ দশমিক ৩ শতাংশের মালিক হবে।

বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেন, এনটিটি ডোকোমোর অংশ ভারতী এয়ারটেলের কাছে হস্তান্তরের বিষয়টি কমিশন অনুমোদন দিয়েছে। চূড়ান্ত অনুমতির জন্য চিঠি টেলিযোগাযোগ বিভাগে পাঠানো হয়েছে।

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম বলেন, বিশ্বব্যাপী টেলিকম জায়ান্ট ভারতী এয়ারটেলের রবিতে শেয়ারহোল্ডিং বাড়ানোর সিদ্ধান্তটি ডিজিটাল যুগে নেতৃত্ব দেয়ার পাশাপাশি কোম্পানির ভবিষ্যতের প্রতি তার আস্থার প্রতিচ্ছবি বলে মনে করি।

২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুয়ায়ী কোম্পানিটির সম্পদ মূল্য ১৭ হাজার ১৯৭ কোটি টাকা। গতবছর তারা মুনাফা করেছে ১৬ কোটি ৯০ লাখ টাকা। গত মার্চে পুঁজিবাজার থেকে প্রায় ৩৮৮ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নিয়ে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা দিয়েছে মোবাইল অপারেটর রবি।

বিটিআরসির হিসাবে গত ফেব্রুয়ারি নাগাদ রবির গ্রাহক ছিল ৪ কোটি ৯৬ লাখ ১১ হাজারের বেশি। রাষ্ট্রায়াত্ব অপারেটর টেলিটকসহ চার অপারেটরের বর্তমান গ্রাহক রয়েছে ১৬ কোটি ৬১ লাখ ১৪ হাজারের বেশি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com