মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

লাশ নামিয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয় ইয়াবার চালান

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : লাশ নামিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রোববার সন্ধ্যায় কক্সবাজারের লিংকরোড থেকে তাদের গ্রেফতার করা হয়। তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে ডিবি পুলিশ সোমবার বিকালে বিষয়টি জানায়।

এ ঘটনায় সোমবার বিকালে কক্সবাজার সদর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া মধ্যমপাড়ার ইউসুফ আলীর ছেলে মো. আব্দুস শুক্কুর প্রকাশ সাইফুল (২৬), ভোলার তজুমুদ্দিন কোরালমারা ইউপির খাসেরহাট এলাকার মনতাজ মিয়ার ছেলে মো. সোহাগ (২৩) ও চট্টগ্রামের সাতকানিয়াপূর্ব নলুয়া ইউপির মরফলা গ্রামের মৃত মো. সফির ছেলে মো. ইলিয়াছ ওরফে ইমন (৩০)।

কক্সবাজার ডিবি পুলিশের ইন্সপেক্টর মানস বড়ুয়া জানান, চট্টগ্রামের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এক রোহিঙ্গার মরদেহ নিয়ে আঞ্জুমান অ্যাম্বুলেন্স সার্ভিস লেখা গাড়িটি রোহিঙ্গা ক্যাম্পে আসে রবিবার বিকালে।

লাশটি ডেলিভারি দিয়ে ফেরার পথে কুতুপালং টিভি টাওয়ার এলাকা থেকে ২০ হাজার ইয়াবার চালান নেন চালক-হেলপাররা। খবর পেয়ে ডিবির একটি টিম কক্সবাজার-টেকনাফ সড়কের সংযোগ লিংকরোডস্থ কুদরত মেম্বারের অফিসের সামনে অবস্থান নেয়।

অ্যাম্বুলেন্সটি সেখানে আসলে তাকে থামানোর পর তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, উখিয়ার কুতুপালং টিভি টাওয়ারস্থ ৭ নম্বর ক্যাম্পের রুস্তম আলীর ছেলে কামাল ওরফে আক্তার কামাল, পালংখালী হাই স্কুলের পাশের বাসিন্দা আবুল বশর প্রকাশ বশর, থাইংখালীর ডিবি চেকপোস্ট এলাকার মো. মিজান বং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মাহমুদুর রহমান দাছরা তাদের এসব ইয়াবা সরবরাহ করে। মামলায় এ চারজনকে পলাতক আসামি করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com