মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

ছেলের মৃত্যু শোকে বৃদ্ধা মায়ের মৃত্যু, করোনা আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইলের নাগরপুরে শামছুল মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু শোকে তার মা ফাতেমা বেগমের (৭৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২ টার দিকে উপজেলার বেকড়ার মুশুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার লোকজনের মধ্যে করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর সেখানে স্বাস্থ্যকর্মী গিয়ে স্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলে জানাজা শেষে ওই গ্রামের সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান বলেন, আমি স্বাস্থ্যকর্মী পাঠিয়ে খোঁজ নিয়েছি মৃত শামছুল দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিল। আর শামসুলের মা চোখের সামনে ছেলের এমন মৃত্যু দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সবুজ তালুকদার জানান, মুশুরিয়া গ্রামের মৃত তালেবর মিয়ার ছেলে শামছুল মিয়া বেশকিছু দিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। অসুস্থ অবস্থায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় কয়েকদিন আগে বাড়িতে চলে আসেন। এরপর আজ আরও অসুস্থ হয়ে তিনি মারা যান। চোখের সামনে ছেলের এ মৃত্যু সহ্য করতে না পেরে মা ফাতেমা বেগম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com