শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : জনগণের কাছে করোনার সর্বশেষ তথ্য পৌঁছে দেয়ার লক্ষ্যে হোয়াটসঅ্যাপে কোভিড-১৯ (গভর্নমেন্ট অব বাংলাদেশ ডিজি হেলথ সার্ভিসেস) শীর্ষক একটি ইনফোবট চালু করেছে সরকার।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ বৃহস্পতিবার অনলাইনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ ইনফোবটের উদ্বোধন করেন। হোয়াটসঅ্যাপের ভারত এবং দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসির পরিচালক শিবনাথ থাকরাল, নুরা হেলথের প্রেসিডেন্ট ড. শাহেদ আলম এবং আবাসিক প্রতিনিধি ড. আরেফিন আলম ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা পরিচালক ড. ইকবাল কবির, এলআইসিটি প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ এ সময় যুক্ত ছিলেন।
প্রতিমন্ত্রী ও ইনফোবট প্রণয়নের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা জুম অনলাইনে যুক্ত হওয়া গণমাধ্যমের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সঠিক তথ্যের দ্বারা মানুষকে সচেতন করার পাশাপাশি স্বাস্থ্যসেবা ও খাদ্যের মতো পণ্যের সরবরাহ চলমান রাখতে অঙ্গীকারাবদ্ধ।
তিনি বলেন, প্রযুক্তিভিত্তিক অন্তর্ভুক্তিমূলক সলিউশনের অংশ হিসেবে হোয়াটসঅ্যাপের প্রায় সাড়ে ৩ কোটি ব্যবহারকারীদের জন্য সরকার এ ইনফোবটটি চালু করেছে। আগামীতে এর আরো উন্নয়ন ও ইন্টারঅ্যাকটিভ করা হবে এবং এ পর্যন্ত যতগুলো অ্যাপ সলিউশন তৈরি করা হয়েছে সবগুলোকে সমন্বয় করা হবে।
এই অফিশিয়াল সেবার মাধ্যমে সহজেই দেশের কোভিড-১৯ সংক্রান্ত সার্বিক অবস্থার সারসংক্ষেপ জানা যাবে। এছাড়া এ রোগটির প্রতিরোধ,উপসর্গ, চিকিৎসা, ঝুঁকি, ভ্রমণ সংক্রান্ত উপদেশ এবং সরকারি হেল্পলাইন সংক্রান্ত সকল তথ্য এখানে পাওয়া যাবে। এছাড়া এখানে সবচেয়ে জিজ্ঞাস্য প্রশ্নের উত্তরগুলো পাওয়া যাবে এবং যেকোনো ধরনের গুজব, মিথ্যা তথ্যের বিপরীতে সঠিক তথ্য পাওয়া যাবে। এখানে নিজের উপসর্গ নিজে যাচাই করার জন্য ‘করোনাবিডি’ মোবাইল অ্যাপ সংযোজিত আছে। পরবর্তীতে এই সেবা ফেসবুক মেসেঞ্জারের সাথে সংযুক্ত করার প্রক্রিয়া চলমান আছে যেখানে লাইভ বা সরাসরি সাপোর্ট সংযুক্ত করা হবে।
এই পরিসেবাটিকে নুরা হেলথ এবং টার্ন ডটআইও-এর যৌথ সহযোগিতায় প্রস্তুত করা হয়েছে। এছাড়াও হোয়াটসঅ্যাপের প্রকৌশলীবৃন্দ সেবাটিকে নিরবিচ্ছিন্ন রাখার জন্য কাজ করে যাবেন।
নগরকন্ঠ.কম/এআর