শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাস মোকাবেলায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে অনলাইন প্ল্যাটফর্মে ‘করোনাথন-১৯’ নামক হ্যাকাথন আগামী ২-৪ মে অনুষ্ঠিত হবে।
ভারত, পাকিস্থান, ইরান, চীন, দক্ষিণ কোরিয়ার ১৯টি এবং স্বাগতিক বাংলাদেশ থেকে প্রায় প্রায় শতাধিক দল এ হ্যাকাথনে অংশগ্রহণ করছে।
‘করোনাথন-১৯’ এর আহবায়ক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া ও ক্রিয়েটিভ টেকনোলজি ডিপার্টমেন্টের প্রধান ড. শেখ মো. আলায়ার জানান, বৈশ্বিক লক ডাউনের কারণে যথাযথ প্রস্তুতি নিতে না পারায় প্রচুর আগ্রহী বেশ কিছু বিদেশি দলের অনুরোধে কর্তৃপক্ষ ২৮-৩০ এপ্রিলের পরিবর্তে ২-৪ মে ‘করোনাথন-১৯’ এর নতুন তারিখ নির্ধারণ করেছে এবং সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের শেষ তারিখ থাকবে ৩০ এপ্রিল।
কৃত্রিম বুদ্ধিমত্তা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)প্রযুক্তিকে কাজে লাগিয়ে বর্তমানে করোনভাইরাসের প্রকোপকে মোকাবেলার জন্য চিকিৎসকদের পাশাপাশি প্রযুক্তিবিদদেরও একটা দায়বদ্ধতা আছে। আর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি হতে পারে প্রযুক্তিবিদদের অন্যতম একটা হাতিয়ার। সে লক্ষ্যেই করোনাভাইরাস মোকাবেলায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আগামী ২-৪ মে, অনলাইনে আয়োজন করতে যাচ্ছে ‘করোনাথন-১৯’ হ্যাকাথন। এতে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবেন। বিজয়ীগণ পুরস্কার হিসেবে পাবেন ২৫০০০ ইউএস ডলার। প্রতিযোগিতার ক্ষেত্র সমূহ (করোনার প্রভাব বিবেচনায়) হচ্ছে- স্বাস্থ্যসেবা, খাদ্য ও পুষ্টি সেবা, শিক্ষাসেবা ও ওপেন বক্স আইডিয়া।
ছাত্রছাত্রীদের জমা দেয়া প্রোজেক্ট বা সমাধানগুলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এবং আন্তর্জাতিক পরিমন্ডলে সমাদৃত প্রযুক্তি বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। নির্বাচিত সমাধানগুলোকে আরো পরিশালিত করার জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর্থিক অনুদান সহ উন্নত ল্যাব সেবা প্রদান করবে। এআই/এমএল/আইওটি/রোবটিক্স এবং বিগ ডেটা প্রযুক্তিগুলোর মাধ্যমে স্বাস্থ্যসেবা/খাদ্য ও পুষ্টি/শিক্ষা সহ আরো অন্যান্য বিষয়ের উপর সমাধান বের করে আনাই এই করোনাথন-১৯ এর মূল লক্ষ্য।
নগরকন্ঠ.কম/এআর