শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

ট্যাসলক নিয়ে এলো অটোমেটিক অ্যান্টি করোনা স্প্রেয়ার

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে শরীরকে জীবাণুমুক্ত রাখার বিকল্প নেই। ট্যাসলক নিয়ে এসেছে এমন একটি স্বয়ংক্রিয় মেশিন যা বাসা বা কর্মক্ষেত্রে প্রবেশের মুখে স্থাপন করলে মানুষ প্রবেশের সময় জীবাণুনাশক স্প্রে করবে। ডিভাইসটির নাম অটোমেটিক অ্যান্টি করোনা স্প্রেয়ার।

ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে জীবাণুনাশক স্প্রে করতে পারে। অ্যান্টি করোনা স্প্রেয়ারের উদ্ভাবক ট্যাসলকের কর্ণধার রাদবী রেজা বলেছেন, ‘করোনাভাইরাস সারা পৃথিবীতে আতঙ্কের নাম। জীবাণুনাশক দিয়ে নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এ রোগ থেকে রক্ষা পাওয়ার প্রধান হাতিয়ার। আমি যে ডিভাইসটি উদ্ভাবন করেছি সেটি বাসা, অফিস, বাজার বা মসজিদের প্রবেশ বা বাহিরের পথে স্থাপন করা যাবে। যে কেউ এই পথে ঢুকলে বা বের হলে সেন্সরের মাধ্যমে ডিভাইসটি চালু হবে। যতক্ষণ মানুষটি যন্ত্রটির মধ্যে থাকবে ততক্ষণ স্প্রেয়ারটি জীবাণুনাশক (ব্লিচ বা স্যানিটাইজার) ছিটাতে থাকবে।’

অটোমেটিক অ্যান্টি করোনা স্প্রেয়ার সম্পর্কে তিনি আরো বলেন, ‘ডিভাইসটি চালু বা বন্ধ করার কোন ঝামেলা নেই। এর মধ্যে সেন্সর রয়েছে। ফলে মানুষ প্রবেশ করলেই স্বয়ংক্রিয়ভাবে এটি চালু হয়ে যাবে। আবার মানুষ সরে গেলেই এটি বন্ধ হয়ে যাবে। যে স্প্রেয়ারটি এই ডিভাইসে ব্যবহার করা হয়েছে সেটি এত নিখুঁতভাবে স্প্রে করতে পারে যে এতে ভিজে যাওয়ার কোন আশঙ্কা নেই। সহজে বহন করা যায় বলে যেকোন স্থানে এই ডিভাইসটিকে স্থাপন করে ব্যবহার করা যায়। বিদ্যুৎ সরবরাহ না থাকলেও ১২ ভোল্টের ব্যাটারি দিয়েও এই ডিভাইসকে চালু করে ব্যবহার করা যাবে। এই ডিভাইসে বিদ্যুৎ খরচ সামান্য। তাছাড়া এই ডিভাইসটি শুধুমাত্র মানুষ চলাচলের সময় সক্রিয় হয়। অন্য সময় বন্ধ থাকে। শুধু হাত নয়, মানুষের সারা শরীর এমনকি জুতাও এই স্প্রেয়ারের মাধ্যমে জীবাণুনাশক করা সম্ভব।’

ইতোমধ্যে কুমিল্লা পুলিশ লাইনে ডিভাইসটির কার্যকারিতা সফলভাবে পরীক্ষা করা হয়েছে। অটোমেটিক অ্যান্টি করোনা স্প্রেয়ার ব্যবহার করার সময় চোখ ও মুখ বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন ডিভাইসটির উদ্ভাবক রাদবী রেজা।

এই ডিভাইসটির দাম ৩ হাজার ৯৯৯ টাকা। রাজধানীতে বিনামূল্যে হোম ডেলিভারি সেবা মিলবে। অগ্রিম ফরমায়েশে ঢাকার বাইরেও এই ডিভাইসটি কুরিয়ার করে পাঠানো হবে। সরকারি সহায়তা পেলে ডিভাইসটির উৎপাদন খরচ অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বলেও জানান ট্যাসলকের স্বত্বাধিকারী রাদবী রেজা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com