শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

করোনায় দুস্থদের সহায়তায় আসছে ‘হ্যালো ছাত্রলীগ’ অ্যাপ

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনা মহামারীতে কৃষকের ধান কাটা ও দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণের পর এবার ঘরে ঘরে সেবা পৌঁছাতে ছাত্রলীগের নতুন উদ্যোগ ‘হ্যালো বিএসএল’।

দেশের নিম্নবিত্ত, মধ্যবিত্ত, খেটে খাওয়া দিনমজুর, শ্রমিক, দুস্থ অসহায় মানুষের কথা চিন্তা করে তাদের ঘরে ঘরে সেবা পৌঁছাতেই ‘হ্যালো বিএসএল’ অ্যাপ চালু করা হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

জানা যায়, এই আপ্লিকেশন গুগুল প্লে স্টোর থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে অ্যান্ড্রয়েড ভার্সন ৫.০ বা তার উপরের ভার্সনে যে কেউ ডাউনলোড করে লগইন করতে পারবে। এতে রাখা হয়েছে ছাত্রলীগের স্বাস্থ্যবিষয়ক সেল। এই সেলের কাছে যে কেউ পরামর্শ নিতে পারবেন।

খাদ্য সহায়তার জন্যে দেয়া থাকবে সাংগঠনিক ইউনিট ও তার অন্তর্ভুক্ত ইউনিটের শীর্ষ নেতাদের নাম ও ফোন নম্বর। তাদের সঙ্গে যোগাযোগ করে জরুরি খাদ্য সহায়তা, ধান কাটা কর্মসূচি, কৃষকের সার বিতরণ, বীজ ইত্যাদি সহায়তা পাবে এবং খাদ্য বিতরণে কেউ দুর্নীতির আশ্রয় নিলে স্ব স্ব ইউনিটের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেবে এবং স্ব স্ব ইউনিটের কমিটি মনিটরিং করবে। এছাড়া বিভিন্ন এলাকায় করোনাভাইরাসে আক্রান্তদের জন্য নির্দিষ্ট হাসপাতালসমূহ ও যোগাযোগের ব্যবস্থা করবে।

অ্যাপটিতে দেয়া থাকবে হটলাইন। করোনাভাইরাস মোকাবেলায় সরকারি জরুরি সেবার নম্বরও দেয়া থাকবে। শিগগিরই ছাত্রলীগের একটি হটলাইন নম্বর চালু করা হবে।

এছাড়া এই অ্যাপে থাকবে লাইভ চ্যাট। এতে সরাসরি টেক্সট দেয়ার সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় যে কারো সহায়তা প্রয়োজন হলে নির্দিষ্ট ঠিকানায় ছাত্রলীগের কর্মীদের মাধ্যমে পৌঁছে দেয়া হবে।

এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনগণকে অপ্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই সময়ে কর্মহীন হয়ে পরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানিয়েছে সরকার। সেই আহ্বানে সাড়া দিয়ে ছাত্রলীগ ইতিহাসে যেমন মানুষের পাশে দাঁড়িয়েছে তেমনি এবারেও মানুষের পাশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, এই সহযোগিতাকে সবার দ্বারে দ্বারে পৌঁছে দিতে ছাত্রলীগ সারা দেশে হটলাইন ও অ্যাপ চালু করেছে। এই অ্যাপ ব্যবহার করে আমাদেরকে জানালেই সারা দেশে আমাদের নেতাকর্মীরা তাদের প্রয়োজনে ছুটে যাবে।

এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ছাত্রলীগ দেশের যে কোনো দুর্যোগে মানুষের ঘরে ঘরে পৌঁছে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। সেই ধারাবাহিকতায় এবারও সারা দেশের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়াচ্ছে। এই কার্যক্রমকে সবার কাছে পৌঁছে দিতে সংগঠনের পক্ষ থেকে একটি অ্যাপ চালু করা হয়েছে। অ্যাপের মাধ্যমে আমাদের সঙ্গে যেভাবেই যেখান থেকে সহযোগিতা চাওয়া হবে আমাদের নেতাকর্মীরা সেখানে পৌঁছে যাবে।

এ সময় তিনি সারা দেশের নেতাকর্মীদেরকে আপামর মানুষের বিপদের দিনে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com